বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার ও স্কুলে গতকাল শনিবার সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, পিএইচডিকে সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সামরিক রীতিতে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। তিনি গত ২৯ অক্টোবর ২০১৮ আর্মার্ড কোর, ১৪ জুলাই ২০১৯ কোর অব ইঞ্জিনিয়ার্স এবং ৩০ অক্টোবর ২০১৮ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আনুষ্ঠানিকতা শেষে জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বক্তব্য দেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল আজিজ আহমেদ তার বিদায়ী বক্তব্যের শুরুতেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের বহু কাক্সিক্ষত স্বাধীনতা। সেই সঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রামে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সব সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। জেনারেল আজিজ আহমেদ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
জেনারেল আজিজ আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’-এর আলোকে একটি আধুনিক এবং যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে তিনি আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নতুন ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি সংযোজন করেছেন অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি। সেই সঙ্গে আধুনিকায়ন ও সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রশিক্ষণের জন্য তিনি প্রশিক্ষণসহায়ক অবকাঠামো নির্মাণ, সংস্কারসহ প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করেন বলে জানান। কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অত্যন্ত মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের নিজ নিজ ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার থেকে বিদায়ী সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশনে বিদায়ী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সব পদবির সামরিক ও অসামরিক সেনাসদস্যদের উদ্দেশে তার বিদায়ী বক্তব্য দেন। ফরমেশনসমূহ আবেগঘন পরিবেশে বিদায়ী সেনাপ্রধানকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে খোলা জিপ টেনে সামরিক রীতিতে বিদায় জানায়।
