৩৩ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রাইম দোলেশ্বরকে সহজ জয় এনে দিয়েছেন সাইফ হাসান। তার কল্যাণে ৬ উইকেটে জিতেছে দলটি।
মিরপুরে ১২৪ রানের সহজ লক্ষ্য তারা টপকায় ৪ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দোলেশ্বর ওপেনার সাইফ। ডানহাতি ব্যাটসম্যান মারেন তিন ছক্কা ও সাত বাউন্ডারি।
সহজ রান তাড়ায় নেমে ইমরানুজ্জামানকে নিয়ে দারুণ শুরু আনেন সাইফ। সাইফই ছিলেন আগ্রাসী। সালাউদ্দিন শাকিলকে চড়াও হয়ে ইনিংস শুরুর পর কখনই রান তোলার গতি কমাননি।
শেখ জামালের স্পিনার মোহাম্মদ আশরাফুল ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট নেন।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েসের ব্যাটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে শেখ জামাল। নুরুল ৪২ ও ইমরুল করেন ২৭ রান।
রেজাউর রহমান তিনটি, শফিকুল ইসলাম দুটি উইকেট নেন। শরিফউল্লাহ, কামরুল ইসলাম ও সাইফ নেন একটি করে উইকেট।
