পেয়ারাবাগের বাসায় চিকিৎসকের ঝুলন্ত লাশ

আপডেট : ২১ জুন ২০২১, ১১:৪৩ পিএম

রাজধানীর মগবাজার পেয়ারাবাগের একটি বাসা থেকে জেহানুল আলিম (৫৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পেয়ারাবাগ ৫৮১, নম্বর বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। নিহতের বাবার নাম মৃত এম এ ওয়াহাব। একমাত্র মেয়ে ও স্ত্রী নিয়ে পেয়ারাবাগ রেলগেট এলাকার ওই বাড়ির চার তলায় থাকতেন।

জেহানুল আলিমের স্ত্রী ফারহানা ফেরদৌস বলেন, সকালে সবাই বাসায় ছিল। তার কর্মস্থলে যাওয়ারও কথা ছিল। হঠাৎ করেই সকাল সাড়ে এগারোটার দিকে পাশের রুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাকে। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি কারণে সে গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্ত্রী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার গলায় কালো দাগ রয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত