রাজধানীর কদমতলীতে মা-বাবা ও বোনকে হত্যা মামলায় গ্রেপ্তার মেহজাবিন ইসলাম মুনের স্বামী শফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার শফিকুলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২০ জুন ওই পরিবারটির বড় মেয়ে মেহজাবিন ইসলাম মুনকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।
গত শনিবার সকালে কদমতলীর মুরাদপুরে পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে অচেতন অবস্থায় মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও মেয়ে তৃপ্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মেহজাবিন বলেছেন, ছোট বোনের সঙ্গে স্বামীর পরকীয়া সন্দেহ করে তিনি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সবাই অচেতন হওয়ার পর মেহজাবিন শ্বাসরোধে সবার মৃত্যু নিশ্চিত করেন। এরপর তিনি ৯৯৯-এ ফোন করে স্বামী ও সন্তানকেও মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় মেহজাবিনের চাচা মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।
