টিকে গেল রূপগঞ্জ, ওল্ড ডিওএইচএস-পারটেক্সের অবনমন

আপডেট : ২২ জুন ২০২১, ০৯:৫৩ পিএম

অধিনায়ক নাঈম ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে হারাল লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃষ্টি আইনে ৬ উইকেটের সেই জয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে গেলে গত আসরের রানার্সআপ দলটি।

অন্যদিকে পারটেক্স স্পোর্টিং ক্লাবের সঙ্গে অবনমিত হয়ে পরের স্তরে নেমে গেল ওল্ড ডিওএইচএস।

লিগ পর্বে ১১ খেলায় মাত্র ৩ পয়েন্ট পেয়েছিল রূপগঞ্জ। ১২ দলের আসরে দশম স্থানে থাকায় রেলিগেশন লিগে খেলতে হয় তাদের। তবে রেলিগেশন লিগে এক ম্যাচ হাতে থাকতেই তাদের অবনমন থেকে বাঁচা নিশ্চিত হলো।

বুধবার পারটেক্সের বিপক্ষে খেলবে রূপগঞ্জ। যে ম্যাচটি এখন শুধু আনুষ্ঠানিকতার। ওল্ড ডিওএইচ ১৩ ম্যাচে ৩ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নিজেদের মিশন শেষ করল।

এদিন মিরপুরে ওল্ড ডিওএইচএস ও রূপগঞ্জের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে ১৮ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা ওল্ড ডিওএইচএস ৬ উইকেটে ১১৭ রানের পুঁজি গড়ে। আনিসুল ইসলাম ইমন ৩৯ বলে ৫১ রান করেন। রূপগঞ্জের পক্ষে হুসাইন আলি ২৩ রানে সর্বাধিক ৩ উইকেট নেন। নাঈম ২ ওভারে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট তুলে নেন।

পরে চাপের মুখে ব্যাট হাতে ১৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন নাঈম। ১২২ রানের লক্ষ্য তারা ৫ বল হাতে থাকতে ছুঁয়েছে। সাব্বির রহমান ও মেহেদি মারুফ দুজনের ব্যাট থেকেই আসে ৩০ রান করে। ওল্ড ডিওএইচএসের পক্ষে ৩ উইকেট নেন আব্দুর রশিদ। ম্যাচসেরা হয়েছেন নাঈম ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত