রাজধানীতে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার ঢাকা যানবাহন সমন্বয় কর্র্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বকে উন্নয়ন-অর্জনে শেখ হাসিনা তাক লাগিয়ে দিয়েছেন, তাহলে ঢাকা শহর কেন পিছিয়ে থাকবে?’ এ বিষয়ে ডিটিসিএ-কে প্রয়োজনীয় সহযোগিতা করতে ঢাকার দুই মেয়রের প্রতি আহ্বান জানাই। তাছাড়া ডিটিসিএ প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধিবিধানের আওতায় রাজউকের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। সমন্বয়হীনভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না। ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস এবং ওয়েস্টার্ন অংশের হালনাগাদকরণে ডিটিসিএ’র মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার আহ্বান জানান তিনি।
ডিটিসিএ’র বোর্ড সভায় এ সময় ভার্চুয়ালি আরও যুক্ত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপি কমিশনার।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এ দেশের রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি। শেখ হাসিনা সরকার কর্র্তৃত্ববাদী নয়, কারও ওপর হিংস্র আচরণও করেনি; বরং প্রধানমন্ত্রী বিরোধী দলের নানান উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।’
