ফিশিং লিংক ব্যবহার করে ফেইসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. মামুন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। গত সোমবার গভীর রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে ফেইসবুক হ্যাক হওয়া ঠেকাতে সতর্কতামূলক সাতটি নির্দেশনাও দেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত মামুনের তথ্য প্রযুক্তিতে পারদর্শী। সে নিজেই ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেইসবুক মেসেঞ্জারে পাঠায়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি নারীদের সে টার্গেট করে।
ফেসবুক আইডি হ্যাক সম্পর্কে এ কে এম হাফিজ আক্তার বলেন, ফিশিং লিংকে ভিকটিমেরা ক্লিক করলে ফেইসবুক ইন্টারফেস আসে। তখন ভিকটিমরা ওই লিংকে প্রবেশ করার জন্য তাদের ফেইসবুক আইডি এবং পাসওয়ার্ড দিলে মামুনের কাছে ওই ফেইসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায়। পরবর্তী সময় সে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ফেইসবুকে প্রবেশ করে এবং ভিকটিমের ফেইসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে। এরপর সে নিজেই ওই ফেইসবুক আইডি থেকে তার নিকট আত্মীয়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেয়। এছাড়া ভিকটিমের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে।
গ্রেপ্তারকৃত মামুন টাকার বিনিময়ে ভিকটিমদের ফেইসবুক অ্যাকাউন্ট ফেরত দিত অন্যথায় ফেসবুক অ্যাকাউন্ট তার দখলে রাখত।
সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, ওই ফেইসবুক হ্যাকার বিভিন্ন ভিকটিমের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এর আগেও মামুন মিয়া ফেইসবুক হ্যাক করার দায়ে একবার গ্রেপ্তার হয়েছিল।
ফেইসবুক আইডি হ্যাক প্রতিরোধে ডিবির এই কর্মকর্তা সাতটি নির্দেশনার কথা বলেন। সেগুলো হচ্ছে-
১. যাচাই না করে কোনো ধরনের ইউআরএল লিংক ক্লিক না করা;
২. কোনো ইউআরএল লিংকে ক্লিক করার পর কোনো ফেইসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেইসবুক আইডি পাসওয়ার্ড প্রদান না করা;
৩. ফেইসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সাথে একটি ই-মেইল অ্যাড্রেস যোগ করা;
৪. অথরাইজড লগিং অপশন চেক করা;
৫. ফেইসবুক আইডি বা মেসেঞ্জারে একান্ত ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও, কথোপকথন না রাখা;
৬. মোবাইলে আসা নোটিফিকেশনে ইয়েস (হ্যাঁ) নো (না) ক্লিক করার পূর্বে ভালোভাবে পড়ে নেওয়া;
৭. ফেইসবুকে তিন থেকে পাঁচজন ট্রাস্টেড কনটাক্ট যোগ করা।
