ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদী থেকে সুমা (২২) নামে এক তরুণীর ভাসমান লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের ধাপারি বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমা দোহার উপজেলার চরকুশাই গ্রামের একলাছ ভূইয়া ও আছিয়া বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ধাপারি বাজার এলাকায় ইছামতি নদীর সেতুর নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ দুপুরে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবাবগঞ্জ থানার এসআই তানভীর শেখ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সুমা মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে কয়েক দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কোনো এক সময় নদীতে নেমে ডুবে গেছে। পরে মরে ভেসে ওঠে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।
