করোনা আক্রান্ত ভাড়াটিয়াকে বের করে দিল বাড়িওয়ালা

আপডেট : ২৫ জুন ২০২১, ০২:২৭ এএম

রাজশাহীর দুর্গাপুরে করোনা আক্রান্ত হওয়ায় ভাড়া বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ির মালিক। বাবার বাড়িতে গিয়েও জায়গা হয়নি। শেষ পর্যন্ত স্ত্রীকে নিয়ে দুই রাত কাটল আমবাগানে। তবে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা পেয়ে অবশেষে বাবার বাড়িতেই তার জায়গা হয়েছে। পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা।

ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামে। ওই গ্রামের খয়বর আলীর ছেলে সোহরাব আলী (৩৫)। তিনি পেশায় অটোমেকানিক এছাড়াও বিভিন্ন সময়ে দিনমজুরের কাজ করেন। দুই স্ত্রীর মধ্যে ছোট স্ত্রীকে নিয়ে আলীপুর বাজারের পাশেই একটি বাড়িতে ভাড়া থাকেন। সোহরাব আলী জানান, হঠাৎ সর্দিজ্বর হওয়ায় গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তবে তার স্ত্রীর করোনা হয়নি। করোনা পজিটিভ হওয়ার পর সোহরাব তার ভাড়া বাড়িতে গেলে বাড়ির মালিক তাকে সেখানে থাকতে দিতে গড়িমসি করেন। এর পর তিনি তার বাবা খয়বর আলীর বাড়িতে থাকার জন্য যান। কিন্তু বাবাসহ পরিবারের অন্যরা তাদের বাড়িতে জায়গা দিতে অস্বীকৃতি জানান। ফিরে যান সেখান থেকে। বাধ্য হয়ে তার ছোট স্ত্রীকে নিয়ে বাবার বাড়ির পাশের একটি আমবাগানে টিনের ছাপড়া ঘরের নিচে মাথা গোঁজার ঠাঁই হয় তাদের।

দুদিন অতিবাহিত হওয়ার পর গতকাল হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করেন সোহরাব আলী। সেখানে তিনি বাড়িতে জায়গা পাননি বলে জানান। তার খাবারের প্রয়োজন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

দুর্গাপুর থানার ওসি হাশমত আলী জানান, ৯৯৯ হটলাইনে ফোন পেয়ে গতকাল দুপুরে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। বাড়িতে জায়গা না পাওয়ায় আমবাগানে একটি টিনের ছাপড়ার নিচে তারা অবস্থান করছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত সোহরাবকে স্ত্রীসহ উদ্ধার করে তার বাবার বাড়িতে একটি ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তাকে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। তার শরীর কিছুটা সুস্থ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছেন। তার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। ওসি আরও বলেন, করোনাকালীন এ মহামারীর সময় এমন অমানবিক ঘটনা যেন কোথাও না ঘটে সে বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত