ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ওই সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে স্মারকলিপি দিয়েছে বিএনপি। একই সঙ্গে সেবামূলক প্রতিষ্ঠান ওয়াসাকে যারা ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানে’ পরিণত করতে চায় তাদের বিচার দাবি করেছে দলটি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্মারকলিপি জমা দেন বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘ওয়াসার এমডি মার্কিন মুল্লুকে বসে রিমোট কন্ট্রোলে ওয়াসা চালান। আর সেখানে বসেই পানির দাম বাড়িয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ইউটিলিটি বিল মওকুফ করেছে, কোনো সরকার অর্ধেক করেছে, কোনো দেশের সরকার সাবসিডি দিচ্ছে। অন্যদিকে আমাদের অবৈধ সরকার উল্টো মূল্যবৃদ্ধি করছে।’
তিনি আরও বলেন, ‘করোনা মহামারীর মধ্যে বিভিন্ন দেশের সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনের পর দিন, মাসের পর মাস গণভবনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। আজ পর্যন্ত কোথাও জনগণের পাশে দাঁড়াননি।’
ওয়াসার পানির মান সম্পর্কে সোহেল বলেন, ‘ওয়াসার পানির মান সম্পর্কে আপনারা সবাই জানেন। পানির আরেক নাম জীবন। আর ওয়াসার পানির আরেক নাম মরণ। যিনি ক্ষমতায় বসে আছেন তাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনি তো বিদেশের পানি খান। এক দিনের জন্য, একবার হলেও এক গ্লাস ওয়াসার পানি যদি আপনি খান, খাওয়ার এক ঘণ্টার মধ্যে আপনি যদি চিকিৎসকের শরণাপন্ন না হন, তাহলে রাজনীতি ছেড়ে দেব।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকি, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম রবি প্রমুখ।
