দেশ-বিদেশে সরকারের প্রশংসা হলে বিএনপি কষ্ট পায় : কাদের

আপডেট : ২৫ জুন ২০২১, ০২:৩১ এএম

দেশ-বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয় তখন বিএনপি কষ্ট পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ‘সত্য লুকানো আর অসত্যের সঙ্গে সখ্য বিএনপির পুরনো অভ্যাস। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, তাই বলে সাদাকে সাদা বলা যাবে না এমনটি নয়।’ সেতুমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় আয়োজিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক সূচকসমূহ দেখুন। প্রতিটি সূচকে শেখ হাসিনা সরকারের অর্জনের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। এটা বাংলাদেশ সরকারের কোনো বানানো সূচক নয়, এটা দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার জরিপের তৈরি সূচক।’

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি যখন করোনা অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন নতুন করে বেড়েছে দরিদ্র জনগোষ্ঠী, উন্নয়ন উৎপাদনে গতি হয়েছে মন্থরÑ এমন প্রতিকূলতার মাঝেও শেখ হাসিনা সরকার দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন মানুষের জীবনের সুরক্ষার পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে। অর্থনীতির গতিপ্রবাহ ধরে রেখে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা বজায় রাখার মতো চ্যালেঞ্জ বাংলাদেশ অতিক্রম করেছে। মির্জা ফখরুল সাহেবরা এসব দেখতে পান না।’ ওবায়দুল কাদের আরও বলেন, ‘রাজনীতির মাঠে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করি, কিন্তু বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করে। দেশের রাজনীতিতে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং বিএনপিই নষ্ট করেছে। বিএনপি নেতাদের কথাবার্তা শুনে মনে হয় যেন সার্কাসের ক্লাউনরা বক্তব্য রাখছে।’

এর আগে সেতুমন্ত্রী বাংলাদেশ সেতু কর্র্তৃপক্ষের বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় তিনি বলেন, ‘নানান অনিশ্চয়তার দোলাচলে আর চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণকাজ। ইতিমধ্যেই ৪১টি স্প্যানের সবকটি সফলভাবে স্থাপন করা হয়েছে। বুধবার পর্যন্ত মূল সেতুর নির্মাণকাজের অগ্রগতি শতকরা প্রায় ৯৩ দশমিক ৫ ভাগ। নদীশাসন কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫ ভাগ।’

প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ জানিয়ে সেতুমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালের জুন মাস নাগাদ পদ্মা সেতু নির্মাণ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকাজের এ পর্যন্ত অগ্রগতি শতকরা ৭০ ভাগ বলে জানান তিনি।

বোর্ড সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন সেতু বিভাগের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত