ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যার শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ছোট ভাই রাশেদুল হাসান রায়হান নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়ে থানায় জিডি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপপ্রচার’ ও সামাজিকভাবে ‘হেয় প্রতিপন্ন’ করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে গত বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী মডেল থানায় তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন।
এর আগে রাশেদুল হাসান রায়হানের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ছবি ফেইসবুকে ভাইরাল হয়। তবে রাফির পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।
গত বুধবার প্রথমে নায়েব আলী নামে এক ব্যক্তি এবং পরে শতাধিক ফেইসবুক আইডি ও পেইজ থেকে ছবিগুলো পোস্ট করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওইসব ফেইসবুক পোস্টে দাবি করা হয়, ‘প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে পেলে আপত্তিকর ভিডিও ধারণ করে তার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে রায়হান।’
ভাইরাল হওয়া ওই ছবির নারী সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের রাগবপুর গ্রামের বাসিন্দা। ওই নারীর সঙ্গে রায়হান পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করেছেন তার প্রবাসী স্বামী আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘কৌশলে সে (রায়হান) আমার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সে হামিদ হোসেন আজাদ নামের এক যুবকের মাধ্যমে ইমোতে কল করে আমাকে ভিডিওগুলো দেখায়।’ আনোয়ারের ভাই আলমগীর হোসেনও একই রকম বক্তব্য দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ভাই নোমান ফেইসবুক পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যারা ‘কুরুচিপূর্ণ’ পোস্ট করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
