সামনের কয়েক বছরে উইন্ডোজ-১০ বন্ধ করে ১১ ভার্সন চালু করবে মাইক্রোসফট। বিবিসি বলছে, নতুন ভার্সনে ফিচারগুলো যেভাবে রাখা হচ্ছে তাতে স্কাইপ যুগের শেষের শুরু দেখতে পাচ্ছেন প্রযুক্তিবিদেরা।
১১ ভার্সনে ভিডিও-কলিং অ্যাপ ‘মাইক্রোসফট টিম’ ডিফল্ট থাকবে। স্কাইপ থাকবে ঐচ্ছিক।
গত কয়েক বছরে স্কাইপের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। টিম অ্যাপটি আসার পর খাতির কমেছে তার।
আইরিশ অ্যান্ড সানডে ইন্ডিপেনডেন্টের প্রযুক্তি বিভাগের সম্পাদক অ্যাড্রিয়ান ওয়েকলার বিবিসিকে বলেছেন, ‘মনে হচ্ছে মাইক্রোসফট স্কাইপকে হত্যা করতে যাচ্ছে।’
ফিউচার পাবলিশিং কনটেন্ট ডিরেক্টর জেরেমি কাপলানও একই কথা বলছেন, ‘বাই-বাই স্কাইপ।’
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের সম্পাদক টম ওয়ারেন এই খবর শুনেই বলেছেন, ‘রিপ স্কাইপ।’
কয়েক বছর ধরে স্কাইপ জনপ্রিয়তা হারাচ্ছে। করোনার সময় টিম অ্যাপ দিয়ে বাজার ধরে কোম্পানিটি।
আজ থেকে ১০ বছর আগে ৮.৫ বিলিয়ন ডলার দিয়ে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। ওই সময় এটাই ছিল তাদের সবচেয়ে বড় অধিগ্রহণের ইতিহাস।
এত অর্থ দিয়ে অ্যাপটি কেনায় অনেকেই চোখ কপালে তুলেছিলেন। পরে অ্যাপটি এক বিলিয়ন বার ডাউনলোডের রেকর্ড গড়ে।
