চট্টগ্রামের আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখা ও বিক্রির দায়ে ছয় ফার্মেসির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এসময় চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে মান বহির্ভূত ওষুধ, অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, ওষুধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় না রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে ছয় ফার্মেসিকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
