যুক্তরাষ্ট্র থেকেই জিম্বাবুয়ে যাবেন সাকিব

আপডেট : ২৮ জুন ২০২১, ০২:৫৪ এএম

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে খেলেননি সাকিব আল হাসান। মোহামেডানের হয়ে লিগের প্রথম পর্ব শেষ করেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। এদিকে লিগ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখন জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সাকিব আল হাসান জিম্বাবুয়ে যাবেন যুক্তরাষ্ট থেকেই।

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির খেলতে সোমবার রাত ২টায় জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সফরে দলনেতার ভূমিকায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম বলেন, ‘সাকিব সরাসরি ওখানে যাবে। সম্ভবত হারারেতেই ওর সঙ্গে আমাদের দেখা হবে।’

২০১৩ সালের পর প্রথমবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

একমাত্র টেস্ট ম্যাচ শেষে ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।

টেস্টের আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দুই দিন আগে ১৪ জুলাই মিলবে আরেকটি প্রস্তুতি ম্যাচের সুযোগ।

সফরে টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দেড়টা)। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত