চট্টগ্রামের মিরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) ভোরে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাখের ইসলাম রাজু মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে শনিবার (২৬ জুন) রাতে নিহত যুবক আজিম হোসেনের বাবা আবদুল বাতেন বাদী হয়ে কাউন্সিলর শাখের ইসলাম রাজু ও তার সহযোগী তারেক, ফরিদ, জাহিদকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শুক্রবার (২৬ জুন) রাতে মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আজিম হোসেনের বাবার অভিযোগ, রাজু ও তার সহযোগীরা তার ছেলেকে পিটিয়ে আহত করে তার হাতে তুলে দেয়। ফেনী নেয়ার পথে তার ছেলে মারা যায়।
নিহত শাহাদাত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত দেড় বছর ধরে নিহত আজিমের সৎ মা কাউন্সিলর রাজুর বাসায় গৃহকর্মীর কাজ করছেন। বাবা আব্দুল বাতেন মিরসরাইয়ে মিস্ত্রীর কাজ করেন। তারা দীর্ঘসময় ধরে মিরসরাই পৌরসভার জিন্নাহর দীঘির পাড় এলাকার আমজাদ মেম্বার বাড়ির নুর হোসেনের ঘরে ভাড়া থাকতেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, আজিম হত্যার ঘটনায় তার বাবা মামলা করার পর থেকে পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা মামলার প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করতে পেরেছি। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
