‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই’ বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক ‘আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না, তাদের সামনে অন্ধকার’ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির এ ধরনের বক্তব্য কৌতুকের মতো শোনায়। যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন, তাদের দলের মহাসচিব হয়তো নিজে পালাবার আশঙ্কা থেকেই এ কথা বলেছেন। কারণ, তার মনে “পলায়ন” শব্দটি ঘুরপাক খায়। আর বিএনপি নিজেরাই সবসময় অন্ধকারে থাকতে চায়। আলোর মুখ দেখতে চায় না বলেই প্রতিনিয়ত তারা আরও অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে।’
‘সরকার সভ্য হলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দিত’ বিএনপির এ মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া দেশে অত্যন্ত সুচিকিৎসা পেয়েছেন। তিনি যদি সুচিকিৎসা না পেতেন, তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারতেন না। সরকার খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী, হাসপাতালে তার পছন্দের ডাক্তারদের দিয়েই চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য শুনলে, খালেদা জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফেরা বিএনপির নেতাদের পছন্দ হয়েছে বলে মনে হয় না। খালেদা জিয়া হাসপাতালে থাকলে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করতে সুবিধা হয় বলেই মনে হয়।’
রাজধানীর মগবাজারে রবিবার রাতের বিস্ফোরণ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনার মধ্যেও বিএনপির রাজনীতি নিয়ে আসা, সরকারকে নিয়ে আসার প্রবণতা দেখে মনে হয়, গাড়ির টায়ার বাস্ট হলেও মির্জা ফখরুল সাহেব বলবেন, সেটি সরকারের উদাসীনতার কারণে হয়েছে।’
