সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অনলাইনে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা পেতে দেশের ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন। সামগ্রিক সেবা সহজীকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেস ডিটেকশনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে।
গতকাল সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, এনআইডি সেবা সুচারুরূপে সম্পাদনে থানা/উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও একজন ডাটা এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে। এই পদ দুটিতে নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে। ইউপিতে আর্সেনিক স্ক্রিনিং চলছে : ঢাকা-১১ আসনের এমপি এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭টি উপজেলার ১ হাজার ২৯০টি ইউনিয়নের প্রায় দুই লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার নলকূপ স্থাপিত হয়েছে। এ ছাড়া ৫৪টি জেলার ৩৩৫টি উপজেলার ৩ হাজার ২০০ ইউনিয়নে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৬টি ওয়ার্ডে প্রায় ২০০ প্রতিষ্ঠান ভ্যান সার্ভিসের মাধ্যমে গৃহস্থালি ময়লা আবর্জনা সংগ্রহ করে আসছে। এক্ষেত্রে সিটি করপোরেশন বার্ষিক বা মাসিক কোনো বিল আদায় করছে না।
৪ লাখ ৩২ বাংলাদেশি শ্রমিক ইপিজেডে কাজ করছেন : এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্র্তৃপক্ষের (বেপজা) অধীনে বর্তমানে ৮টি ইপিজেড রয়েছে। এসব ইপিজেডে ৪৬০টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে আছে। এতে ৪ লাখ ৩১ হাজার ৮৫৮ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছে। মন্ত্রী জানান, সরকার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১ হাজার ৮৩২ দশমিক ২৭ একর জমিতে রংপুর ইপিজেড, যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের অন্তর্গত চেঙ্গুটিয়ায় যশোর ইডিজেড, পটুয়াখালী সদর উপজেলার পচা কোড়ালিয়া মৌজায় একটি ইপিডেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী অর্থবছরে (২০২১-২২) এসব ইপিজেড নির্মাণের কাজ শুরু হয়ে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে শেষ হবে।
