ইউরো কাপে সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। তার ওই পেনাল্টি মিস ফল নির্ধারণ করে দেয় ম্যাচের। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। আর কোয়ার্টার ফাইনালে পা রাখে সুইজারল্যান্ড।
স্বাভাবিকভাবেই এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে আলোচনা তুঙ্গে। সময়ের অন্যতম সেরা এই তারকা অবশ্য ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন। পেনাল্টি মিসের জন্য ক্ষমা চান ভক্তদের কাছে।
ম্যাচের পর এমবাপ্পে বলেছেন, ‘এই দুঃখ ভোলা খুব কঠিন। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি…। পেনাল্টি মিসের জন্য আমি দুঃখিত। আমি চেয়েছিলাম দলকে সাহায্য করতে। কিন্তু সেটা পারলাম না।’
রোমানিয়ার বুখোরেস্টে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে কোনো দল গোল না পেলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ফ্রান্সের ৫ নম্বর কিকটা নিতে গিয়েছেন এমবাপ্পে। দারুণ ফর্মে থাকা ফরাসি ফুটবলার যে মিস করবেন, কেউই ভাবেনি।
এমবাপ্পে আরো বলেছেন, ‘ঘুমানো কঠিন হবে। তবে মানতে কষ্ট হলেও এটা সত্যি যে, খেলার উত্থান-পতন থাকে। এই উত্থান-পতনের জন্যই খেলাটা এতটা ভালো লাগে। আসল হল, এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে। মানসিক ভাবে শক্তিশালী করে তুলতে হবে আবার।’
