অপরিশোধিত স্বর্ণ আকরিক বা আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানির জন্য প্রাধিকারযোগ্য আমদানিকারক হিসেবে অনুমতির আবেদন নেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বর্ণ পরিশোধনাগার প্রতিষ্ঠার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো এ আবেদন করতে পারবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়। এতে বেশকিছু শর্ত দিয়ে অপরিশোধিত ও আংশিক পরিশোধিত সোনা আমদানির জন্য প্রাধিকারভুক্ত আমদানিকারক হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
গত ১৭ মে সোনার বার ও সোনার অলংকারের পাশাপাশি অপরিশোধিত সোনা আকরিক এবং আংশিক পরিশোধিত সোনা আমদানির উদ্দেশ্যে স্বর্ণ নীতিমালা, ২০১৮ সংশোধনের অনুমতি দেয় মন্ত্রিসভা। গত ২ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর থেকে অনেক প্রতিষ্ঠানই অপরিশোধিত স্বর্ণ আমদানির অনুমোদনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করে। বসুন্ধরা গ্রুপও এ ধরনের স্বর্ণ পরিশোধনাগার স্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডায়মন্ড ওয়ার্ল্ডেরও এ ধরনের পরিশোধনাগার স্থাপনের আগ্রহ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে স্বর্ণ পরিশোধনাগার গড়ে উঠলে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য ভালো হবে। স্বর্ণ আমদানির প্রয়োজনীয়তা কমে আসবে। তাছাড়া এ ধরনের প্রকল্পে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। নতুন কর্মসংস্থান হবে।
