পাহাড়ের ঢালে ঝুঁকি নিয়ে ৫০০ পরিবারের বসবাস

আপডেট : ০২ জুলাই ২০২১, ০২:১১ এএম

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজারসংলগ্ন ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় পাঁচ শতাধিক পরিবার। অতিবৃষ্টিতে কর্ণফুলী নদীর তীরে পাহাড়ের ঢালুতে থাকা তিনটি বসতঘর ধসে পড়ে নদীতে তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজারে ঢাকাইয়া কলোনির সিঁড়িঘাট ও লগগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড় ধসে মো. ফরিদ ও নবী হোসেনের দুটি ঘর কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। এতে নবী হোসেন কিছুটা আহত হন ও কাপ্তাই লগগেট এলাকার মামুন নামে আরও এক ব্যক্তির বসতঘর পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে আসার জন্য বলা হলেও অনেকেই কথা রাখেননি। তাই এ ঘটনা ঘটেছে।’ বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের স্থানীয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য তিনি অনুরোধ জানান। দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত