পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কভিড-১৯ টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, কভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছিল সেসব শিক্ষার্থী ‘সুরক্ষা’ ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।
বর্তমানে দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এসব বিশ্ববিদ্যালয়ে ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। শিক্ষার্থীদের অনেকের এনআইডি নেই। ফলে টিকা নিবন্ধনের জটিলতায় পড়েছেন তারা। এসব শিক্ষার্থীর বিষয়ে কী সিদ্ধান্ত এ বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। এ ব্যাপারে জানতে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জামিনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সেটি সম্ভব হয়নি। পরে অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে তাতে যেসব শিক্ষার্থীর এনআইডি নম্বর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে তারাই শুধু টিকা নিতে পারবেন। এর বাইরে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই।’
