বিশ্বে করোনা শনাক্ত-মৃত্যুর অর্ধেকের বেশি ৬ মাসে

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০২:০১ এএম

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে এর আগে করোনায় চার লাখ মৃত্যুর ভয়াল মাইলফলক পেরিয়েছে শুধু যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে ভারত। দেশটিতে ইতিমধ্যে তিন কোটির বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, করোনার শুরুর পর গত দেড় বছরের যে চার লাখ মানুষের মৃত্যু হয়েছে তার ৬৩ শতাংশ বা ২ লাখ ৫০ হাজার মারা গেছে চলতি বছরের প্রথম ছয় মাসে।

শুধু ভারত নয়, সারা বিশ্বেই চলতি বছরের প্রথম ছয় মাসেই এর আগের এক বছরের চেয়ে বেশি শনাক্ত, মৃত্যু হয়েছে। এ সময়ে আরোগ্যও আগের এক বছরের তুলনায় অন্তত ৬০ শতাংশ বেশি হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে গতকাল শুক্রবার বিশ্বে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৭১ হাজার অর্ধেকের বেশি ৬ মাসে ৬৮৮ জনে। এর মধ্যে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছিল ১৯ লাখ ২০ হাজার ৫৬৬ জনের। আর চলতি বছরের প্রথম ছয় মাসেই সেই সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এ হিসাবে মোট মৃত্যুর ৫২ শতাংশই হয়েছে আলোচ্য ছয় মাসে।

চলতি বছরের প্রথমার্ধে শনাক্তও হয়েছে আগের এক বছরের চেয়ে বেশি। ২০২০ সালে যেখানে বিশ্বে ৮ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৩৮৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছিল সেখানে এ বছরের ছয় মাসেই শনাক্ত হয়েছে ১০ কোটি ৫৭ হাজারের বেশি রোগী, যা মোট শনাক্ত হওয়া ১৮ কোটি ৩৪ লাখের অন্তত ৫৫ শতাংশ।

চলতি বছর রোগী যেমন বেড়েছে তেমনি বেড়েছে আরোগ্যও। আলোচ্য ছয় মাসে বিশ্বে করোনা আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছে ১০ কোটির বেশি মানুষ। এর আগে এক বছরে এ সংখ্যা ছিল ৬ কোটি ৬১ লাখের কিছু বেশি।

এদিকে ওয়ার্ল্ডোমিটারসের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ হাজার ২৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭১৭ জন।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৪০৩ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ২০ হাজার ৬৪৫ জন। অন্যদিকে সুস্থ হয়েছে ২ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৮৭ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ২০ হাজার ১৮৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ২৭২ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত