শিশুসেনা নিয়োগকারী দেশের তালিকায় পাকিস্তান-তুরস্ক

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:২৭ এএম

শিশুদের সেনা হিসেবে নিয়োগ বা ব্যবহারকারী দেশগুলোর তালিকায় পাকিস্তান ও তুরস্ককে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার দেশটির চাইল্ড সোলজারস প্রিভেনশন অ্যাক্ট (সিএসপিএ) তালিকায় এ দুই দেশের নাম এসেছে। এতে দেশ দুটিকে সামরিক সহায়তার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে এএফপি। পাকিস্তান ও তুরস্কের এই তালিকাভুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) প্রতিবেদনেও অন্তর্ভুক্ত হয়েছে। মানব পাচার প্রতিরোধে বিভিন্ন দেশের ব্যর্থতার বিষয়টি এই প্রতিবেদনে উঠে আসে।

চাইল্ড সোলজারস প্রিভেনশন অ্যাক্টের জন্য বার্ষিক টিআইপি প্রতিবেদনে বিগত বছরে কোন কোন দেশ শিশুদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে বা শিশু সৈনিক ব্যবহার করেছে, সেই তালিকা প্রকাশের দরকার হয়। সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সরকার সমর্থিত বিভিন্ন সশস্ত্র গ্রুপে শিশুদের নিয়োগ বা ব্যবহারের বিষয়টি এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।

২০২১ সালের সিএসপিএ তালিকায় আফগানিস্তান, মিয়ানমার, কঙ্গো, ইরান, ইরাক, লিবিয়া, মালি, পাকিস্তান, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও ইয়েমেনের নাম রয়েছে। এগুলোর মধ্যে কঙ্গো, সোমালিয়া ও ইয়েমেনের নাম ২০১০ সালে শুরু হওয়ার পর প্রতি বছরই এই তালিকায় থাকছে। এ ছাড়া আফগানিস্তান, ইরান, ইরাক, লিবিয়া, মালি, মিয়ানমার, নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সিরিয়ার নাম গত ১০ বছরে একাধিকবার এসেছে।

২০১০ সালে যখন প্রথম সিএসপিএ তালিকা প্রকাশ করা হয় তখন মাত্র ৬টি দেশ ছিল। ১০ বছর পর এসে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে ১৪টি দেশে দাঁড়ায়। চলতি বছর তালিকায় ১৫টি দেশের নাম এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত