প্রণোদনার আওতায় মেয়াদি ঋণ মিলবে ক্ষুদ্রশিল্পে

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১১:৩২ পিএম

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য গঠিত ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তারা এই তহবিল থেকে চলতি মূলধন ঋণের পাশাপাশি মেয়াদি ঋণ নিতে পারবেন। তবে এক্ষেত্রে সুদ ভর্তুকি পাওয়া যাবে কেবল ১ বছরের জন্য।

এছাড়া মাঝারি শিল্পের উদ্যোক্তারা এই প্যাকেজের আওতায় আগের মতোই চলতি মূলধন ঋণ পাবেন। এক্ষেত্রেও সুদ ভর্তুকির সুবিধা ১ বছর বলবৎ থাকবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়।

গত বছরের ১৩ এপ্রিল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার ওই প্যাকেজের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এই ঋণের সুদের হার ৯ শতাংশ নির্ধারণ করা হলেও গ্রাহক পর্যায়ে সুদ দিতে হচ্ছে ৪ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি দিচ্ছে। গত ১৭ জুন পর্যন্ত সিএমএসএমই খাতের প্যাকেজের আওতায় ১৪ হাজার ৯১৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। যা এই তহবিলের প্রায় ৭৫ শতাংশ। সিএমএসএমই খাতের ৯৪ হাজার ৯৬৯ গ্রাহক এই ঋণ পেয়েছেন। প্রাপ্ত তথ্যে আরও দেখা যায়, গত ১৭ জুন পর্যন্ত ক্ষুদ্রশিল্পের এই প্রণোদনা তহবিল থেকে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করতে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন পেয়েছে ব্যাংকগুলো। এই ঋণ বিতরণ হলে তহবিল বিতরণের হার দাঁড়াবে প্রায় ৮০ শতাংশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত