কিউএমজি সাইফুল ডিজিএফআইয়ের নতুন ডিজি শামস

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০১:৪১ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। গতকাল রবিবার সেনাসদরের এক আদেশে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে মেজর জেনারেল মো. সাইফুল আলমকে এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে মেজর জেনারেল সাইফুল আলমকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে।

গত বছর ফেব্রুয়ারি থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। গত মাসে বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আগে সেনাসদরের কিউএমজি ছিলেন। তার পদোন্নতির পর সেই দায়িত্ব পেলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। গতকাল এক আদেশে বলা হয়েছে, সাইফুল আলম কিউএমজির দায়িত্ব গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।

বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘অ্যাকাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে তিনি বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। এর আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার ছিলেন তিনি।

ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্বে পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর আগে কক্সবাজার এরিয়া কমান্ডার, বান্দরবানের রামু ও কুমিল্লা সেনানিবাসের জিওসি ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত