বরিশাল বিভাগে এক দিনে রেকর্ড শনাক্ত

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০১:৫৯ এএম

চলমান ‘লকডাউনের’ মধ্যেই এক দিনে করোনা রোগী শনাক্ত আর মৃত্যুতে নতুন রেকর্ডের মুখ দেখল দেশ। গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশে চলমান করোনা মহামারীকালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন। এক দিনে করোনা রোগী শনাক্তের দিক থেকেও এটি সর্বোচ্চ। এদিকে খুলনা বিভাগে করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৫ জনের মৃত্যু হয়েছে; যা আগের দিনের (রবিবার) ৫১ জনের মৃত্যুর রেকর্ড ভাঙল। বরিশাল বিভাগে এক দিনে করোনা রোগী শনাক্ত ৪০০ ছাড়িয়ে নতুন রেকর্ড হলো। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ৪৩৬ জনের করোনা শনাক্ত হয় বলে জানায় জেলা স্থাস্থ্য বিভাগ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ল। চলতি মাসের শুরু থেকে নি¤œমুখী হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যুতে সংখ্যাটি ফের বাড়ার ঘটনা এটি। ঢাকার বাইরে বিভাগ ও জেলা পর্যায়ের করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুসংশ্লিষ্ট তথ্য দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

খুলনা বিভাগে ৫৫ জনের মৃত্যু : খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগটিতে এক দিনে ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গতকাল অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় মৃতদের মধ্যে কুষ্টিয়ায় সবচেয়ে বেশি ১৬ জন। এ ছাড়া খুলনায় ১০, ঝিনাইদহে ৭, মেহেরপুর ও যশোরে ৬ জন করে, বাগেরহাটে ৫, চুয়াডাঙ্গায় ৩ ও মাগুরা, নড়াইলে একজন করে রয়েছেন। এর আগে গত রবিবার বিভাগটিতে এক দিনে ৫১ জনের মৃত্যু হয়েছিল।

বরিশাল বিভাগে এক দিনে রেকর্ড শনাক্ত : বরিশাল বিভাগে এক দিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় গতকাল সকাল পর্যন্ত বিভাগে ৯৫৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার বিবেচনায় যা ৪৫ দশমিক ৭৫ শতাংশ। এটি বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড। শেষ ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা পজিটিভ এবং ১১ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। বরিশাল জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মৃতদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ১২, পিরোজপুর ও ঝালকাঠিতে ২ জন করে এবং বরিশালে একজন রয়েছেন।

রামেকে ফের মৃত্যু বাড়ল : রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসের শুরু থেকে নিম্নমুখী হওয়ার পর মৃত্যুর সংখ্যা ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। এর আগে গত কয়েক দিন মৃত্যুর সংখ্যা কিছুটা ধারাবাহিকভাবে কমে আসছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৮ জন।

মমেকের করোনা ইউনিটে ১৫ মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে হাসপাতাল সূত্র জানায়, মৃতদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালটিতে এখন পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ২৯৬ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২০ জন, বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১০ জনের।

বাগেরহাটে ৫ জনের মৃত্যু : বাগেরহাটে গত রবিবার ভোর ৬টা থেকে গতকাল সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন উপসর্গ নিয়ে এবং দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ সময়ে ২৫১ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার ৪৮ দশমিক ২০ শতাংশ; যা এর আগের দিনের তুলনায় ২ শতাংশ বেশি। বাগেরহাট সদর হাসপাতালের আরএমও ডা. আবুল বাশার মোহাম্মদ সাদী জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাট সদরের কভিড হাসপাতালে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন থাকা একজন এবং উপসর্গ থাকা দুজন মারা গেছেন। বর্তমানে এ হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি আছেন।

বগুড়ায় ৮ জনের মৃত্যু : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ১৬২ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার হিসাবে যা ২৭ দশমিক ০২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৫ জন। গতকাল সোমবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৯৩ জন। মৃত্যু হয়েছে ৪২৯ জনের।

চাঁপাইনবাবগঞ্জে ৬ জনের মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, মৃতরা সবাই ২৫০ শয্যার জেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের সবারই বয়স ৪৫ থেকে ৭০ বছর। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কারোনা ইউনিটে তিন দফায় ৭২টি শয্যা বৃদ্ধি করা হয়েছে।

ফরিদপুরে ১২ জনের মৃত্যু, শনাক্ত ১৯৪ : ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৭০ নমুনা পরীক্ষার বিপরীতে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় মারা গেছেন ১২ জন। শনাক্তের হার বিবেচনায় যা ৫২ দশমিক ৪৩ শতাংশ। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬২২ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, মৃতদের মধ্যে করোনা শনাক্ত হয়ে দুজন এবং বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

হবিগঞ্জে ২ জনের মৃত্যু : হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন জানান, গত রবিবার সিলেট থেকে আসা প্রতিবেদনে ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩, চুনারুঘাটে ১২, মাধবপুরে ৭, বাহুবলে ৬, নবীগঞ্জে ৪, বানিয়াচং ও আজমিরীগঞ্জে একজন করে রয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৯২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন। মারা গেছেন ২১ জন।

পাবনা হাসপাতালে ৪ জনের মৃত্যু : পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুর ১২টা থেকে গতকাল দুপুর ১২টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত