ঢাকার উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ হয়েছেন তিনজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আলাউদ্দিন মোল্লার টিনশেড বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন পোশাকশ্রমিক সজীব (২৫) ও তার স্ত্রী শরিফা (২১)। তাদের প্রতিবেশী আলাউদ্দীনের পুত্রবধূ সাদিয়া (২২)।
স্থানীয়রা জানান, বিকেলে কারখানা থেকে বাসায় আসেন সজীব ও শরিফা দম্পতি। তারা দরজা খুলতেই ঘরের ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো ঘরে আগুন ধরে গেলে সজীব ও শরিফা এবং বাড়িওয়ালার পুত্রবধূ সাদিয়া অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ। তবে পুলিশ বলছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
