চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তাদের বিরুদ্ধে বিভিন্ন গাড়ির গতিরোধ করে এবং ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সংস্থার ও স্থানীয় নেতাকর্মীদের নাম দিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
গত সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. আবদুল কাদের মহিউদ্দিন (২৩) ও মো. রুবেল (৩১)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, বহদ্দারহাট-কালুরঘাটমুখী আল হাসান বেকারির সামনে কয়েকজন ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে এমন তথ্য পেয়ে র্যাব সদস্যরা সেখানে গিয়ে মহিউদ্দিন ও রুবেলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন সড়কে অটোচালিত সিএনজি, টেম্পো, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন এবং ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে চাঁদা আদায় করত বলে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, আইনি ব্যবস্থা নিতে তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
