ব্যাংকে লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত, রবিবার বন্ধ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:২৫ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। বর্ধিত এই সময়ে অর্থাৎ ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত। আনুষঙ্গিক কাজ শেষ করতে কর্মীদের ব্যাংকে উপস্থিত থাকতে হবে বিকাল ৪টা পর্যন্ত। তাছাড়া চলতি সপ্তাহের মতো আগামী সপ্তাহের রবিবারেও ব্যাংক বন্ধ থাকবে।

আজ বুধবার পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে দুপুর দেড়টা পর্যন্ত। আগামীকাল থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠায়।

সার্কুলারে বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে। তবে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে শাখা খোলা রাখতে হবে ব্যাংকগুলোকে।

মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ রোধে দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। এই সময়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আর্থিক কর্মকাণ্ড সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

পুঁজিবাজারে লেনদেন চার ঘণ্টা

লকডাউনের বর্ধিত সময়ে ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগামীকাল থেকে এক ঘণ্টা বেশি লেনদেন হবে দেশের পুঁজিবাজারে। গতকাল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা বেড়ে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারেও এক ঘণ্টা বেশি লেনদেন হবে।

বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ২টায়। এছাড়া সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রি-ওপেনিং সেশন থাকবে এবং দুপুর ২টার পরে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে। করোনাভাইরাসের বিস্তার  রোধে কঠোর লকডাউন শুরুর পর ১ জুলাই থেকে পুঁজিবাজারে তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত