মাদারীপুরের শিবচরে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এসএম রিফাত মাহবুব (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের নিজের বাড়ি থেকে তাকে আটক করে শিবচর থানা পুলিশ। আটক রিফাত মাহবুব ওই গ্রামের আবদুর রাজ্জাক শিকদারের ছেলে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে আবদুর রাজ্জাক শিকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরে থাকা রিফাত মাহবুব পালিয়ে যেতে চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে বিছানার নিচ থেকে শপিং ব্যাগে মোড়ানো ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘রিফাতের নামে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। ইউপি নির্বাচনের আগে থেকেই অস্ত্রটি তার কাছে রেখেছিল। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করেই অস্ত্রটি সে এনেছিল।’
