সংবাদ সম্মেলনে বিএনপি

আওয়ামী লীগই মিথ্যাচার করছে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৪৮ এএম

বিএনপি নয়, আওয়ামী লীগই মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘সবচেয়ে বড় মিথ্যা ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, অনুগত ও দুর্নীতিগ্রস্ত প্রশাসনের একাংশের সহায়তায় দিনের ভোট রাতে করে জোরপূর্বক যারা ক্ষমতায় আছে, তারাই চরম মিথ্যা ও দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে। তাদের মুখে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ শোভা পায় না।’ গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

প্রিন্স আরও বলেন, ‘করোনায় সংক্রমণ ও মৃত্যু একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর অন্যদিকে সরকারের অপরিকল্পিত, অমানবিক ও নিষ্ঠুর লকডাউনে জনগণ বেগতিক অবস্থায় পড়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আর সেই ব্যর্থতা আড়াল করতেই সরকারের মন্ত্রীরা প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছেন। তারা নাকি দুরবিন দিয়ে বিএনপিকে খুঁজে পাচ্ছেন না। বিএনপি নাকি মিথ্যাচার করছে। এসব কথা বলে তারা দেশের যে ভয়াবহ পরিস্থিতি তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ব্যর্থ অপচেষ্টা করছেন। সরকারের বাকপটু মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাইÑ বিএনপিকে দুরবিন দিয়ে খোঁজার প্রয়োজন নেই। বিএনপি জনগণের প্রয়োজনে পাশে আছে। বিএনপিকে না খুঁজে জনগণকে বাঁচানোর জন্য টিকা, অক্সিজেন, ভেন্টিলেটর, খাদ্য, অর্থ নিয়ে জনগণের পাশে দাঁড়ান। তাদের বাঁচানোর চেষ্টা করুন।’

বিএনপি নেতা আরও বলেন, ‘লকডাউনে কাজ হারিয়ে ছেলে-মেয়েদের মুখে ভাত তুলে না দিতে পেরে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর মুক্তারপুর এলাকায় নিজ বাড়িতে গত রবিবার (৪ জুলাই) আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন দিনমজুর দ্বীন ইসলাম। অথচ সরকারের মন্ত্রী-কর্মকর্তারা হরহামেশাই বলে যাচ্ছেন- তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন, কেউ না খেয়ে নেই, না খেয়ে মারা যাবে না কেউ। কিন্তু দ্বীন ইসলামের মতো দেশের অগণিত মানুষ এ ধরনের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি। এ দায় কার? অবশ্যই তা সরকারকে বহন করতে হবে।’

সরকারের অব্যবস্থাপনা, ভ্রান্তনীতি ও অবহেলা-উদাসীনতায় করোনা চিকিৎসায় সংকট দেখা দিয়েছে উল্লেখ করে প্রিন্স বলেন, ‘অক্সিজেনের অভাবে প্রতিদিনই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই মৃত্যুর দায়ও সরকারকেই নিতে হবে। বর্তমান ভোটারবিহীন সরকারের চরম ব্যর্থতায় বাংলাদেশে কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির ক্রমাবনতিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড গড়ছে। জ্যামিতিক হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির এই ভয়াবহ পরিস্থিতিতে জনগণ এখন দিশেহারা হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত