বিবাহবার্ষিকীতে শেষ পর্যন্ত একসঙ্গে থাকার প্রতিশ্রুতি

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১১:৩৩ এএম

তারকা দম্পতি সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদের বিবাহবার্ষিকী আজ। ২০০৮ সালের ৭ জুলাই তাদের চার হাত এক হয়।

এ দিনের প্রথম প্রহরে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জীবনের শেষ পর্যন্ত একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলেন সৌদ।

ফেইসবুকে তিনি লেখেন, “মুস্তাফা, মেলা বছর পর হলো। আমার জন্য ভালো, তোমার জন্য মন্দ মিলিয়ে পথ চলাটা ভালো-মন্দ ছিল বলা যায়। হা হা হা। বাই দ্য ওয়ে, থ্যাংকস আ লট ফর এভ্রিথিং। একসাথে একসাথে শেষ পর্যন্ত। লাভ ইউ।”

অভিনেত্রী হিসেবে আশির দশক থেকে প্রতিষ্ঠিত সুবর্ণা। বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে অন্যতম আইকন তিনি। অল্প কিছু সিনেমায়ও অভিনয় করেছেন।

আফসানা মিমির সোপ অপেরা ‘ডলস হাউস’ সহ-পরিচালনার সময় এর কেন্দ্রীয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে সম্পর্কে জড়ান সৌদ। সে সূত্রে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা।

সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সুবর্ণা। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘গহীন বালুচর’ সরকারি অনুদানে পরিচালনা করেন সৌদ। এতে সুবর্ণাও অভিনয় করেন। ছবিটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে। সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত