আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের আভাস

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৪:১৬ পিএম

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়ে, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত