সেপ্টেম্বরে হতে পারে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০২:১১ এএম

আগামী সেপ্টেম্বরে হতে পারে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এর আগে আগস্ট মাসে এই ভর্তি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এটি সম্ভব হবে না বলে জানিয়েছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক কমিটি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাবিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, ‘আশা করছি খুব শিগগির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে অনলাইনে মিটিং অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা নেওয়ার আগে কিছু আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে। এ কাজগুলো চলমান লকডাউনের কারণে আটকে আছে।’

তিনি বলেন, ‘লকডাউন শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব প্রথম পর্যায়ের আবেদনের বাছাইয়ের ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে ঘোষণা করা হবে ভর্তি পরীক্ষার তারিখ। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’

বর্তমানে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এসব বিশ্ববিদ্যালয় হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়া তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১২ আগস্ট পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১২ জুন। এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বলেছেন, ‘এখন পর্যন্ত আগামী ১২ আগস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে। তবে ভর্তি পরীক্ষা কমিটি সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এনে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৪ সেপ্টেম্বর। এর আগে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের ৩১ তারিখ। বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত