ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এইচজিজিএস সরকারি বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক (৫৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের সদস্যরা জানান, গত মার্চ মাসে তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৮ দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হন। পরে জুন মাসের শেষ সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১০-১২ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা মোগরাপাড়া এইচজিজিএস সরকারি বিদ্যায়তন মাঠে জানাজা শেষে দরগাবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিক্ষক শফিকুল ইসলামের মৃত্যুতে স্কুলের গভর্নিংবডির সভাপতি সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সাবেক সাংসদ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সারসহ স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
