নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক জানিয়েছে বিএনপি। দুর্ঘটনার জন্য ‘লকডাউন’ নিয়ে সরকারের দ্বৈতনীতিকে দায়ী করেছে দলটি।
গতকাল শুক্রবার বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল সরকারকে দায়ী করে বলেন, ‘যদি লকডাউনে মিল-কারখানা বন্ধ থাকত, তাহলে এত নিরীহ মানুষকে নির্মমভাবে জীবন দিতে হতো না। একদিকে লকডাউন নিয়ে সরকারের দ্বৈতনীতি, অন্যদিকে কর্মস্থলে অনিরাপদ পরিবেশ ও উদাসীনতার জন্যই এতগুলো জীবন ঝরে পড়ল। কোনোভাবেই সরকার এ দুর্ঘটনা ও মৃত্যুর দায় এড়াতে পারে না।’
তিনি আরও বলেন, ‘মহামারী করোনা মোকাবিলার জন্য সরকার একদিকে লকডাউন ঘোষণা করেছে। অন্যদিকে মিল-কলকারখানা চালু রেখেছে। এ ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে এসে অগ্নিকাণ্ডে পুড়ে নির্মমভাবে জীবন দিতে হলো খেটে খাওয়া শ্রমিক-কর্মচারীদের।’
দুর্ঘটনা রোধে সরকার ‘কার্যকর’ কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘কলকারখানাগুলোতে কাজের নিরাপদ পরিবেশ নেই। শ্রমিক-কর্মচারীদের জীবনের নিরাপত্তা নেই। দুর্ঘটনা ঘটার পর সরকার তদন্ত কমিটি করে, বিভিন্ন আশ্বাস দেয়। কিন্তু পরে তা আর আলোর মুখ দেখে না।’
রূপগঞ্জের ঘটনাকে হৃদয়বিদারক ও মর্মস্পর্শী অভিহিত করে এর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে নিহত-আহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।
