বুড়িগঙ্গা নদী থেকে মো. জামাল উদ্দিন (৪০) নামে এক পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর ঘাট টার্মিনালের সামনে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে সদর ঘাট নৌ পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় জানান, আমার বাবা বাবুবাজার পুলিশ ফাঁড়িতে একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত তিনটার দিকে তিনি সদরঘাট টার্মিনালে গেলে পা পিছলে তিনি দুই পন্টুনের মাঝ দিয়ে পড়ে যান। পরে শনিবার সকালে লাশ ভেসে উঠলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সদরঘাট নৌ পুলিশ থানার উপপরিদর্শক শহিদুল আলম জানান, নিহত ব্যক্তি বাবুবাজার পুলিশ ফাঁড়িতে একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। লাশটি ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
