করোনায় মারা গেলেন গৌরীপুরের ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৮:০৩ পিএম

বৃহত্তর দাউদকান্দির বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম সরকার (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকেল সোয়া ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ১ জুলাই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন আবুল হাসেম সরকার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। শনিবার তিনি মারা যান।

আবুল হাসেম সরকারের ছেলে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবু তার প্রয়াত বাবার জন্য দলীয় নেতা–কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, আমার বাবা সারা জীবন শুধু মানুষের জন্য কাজ করেছেন। করোনার এই সময়ে আপনারা ঘরে বসে আব্বার জন্য দোয়া করবেন।

রাজনৈতিক জীবনে রাজপথে সব সময়ই সক্রিয় ছিলেন আবুল হাসেম সরকার। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি ও পরে যুবলীগ করতেন। ১৯৯৬ সালে সম্মেলনের মাধ্যমে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। একটানা ১৮ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। এরপর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মারা যাওয়ার আগে দলীয় কোন পদে ছিলেন না প্রবীণ এই নেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আবুল হাসেম সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, জেলা পরিষদের সদস্য পারুল আক্তার, মনির হোসেন সরকার, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত