বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এরই মধ্যে উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। তার চোখ এখন হলিউডে। সেখানে কাজ পেতে তোড়জোড়ও শুরু করে দিয়েছেন মহেশ ভাটকন্যা। যার প্রমাণ উইলিয়াম মরিস এজেন্সির (ডব্লিউএমএ) সঙ্গে আলিয়ার চুক্তি স্বাক্ষর। এই আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খেলাধুলা, মিডিয়া ও ফ্যাশনসংক্রান্ত কাজ দেখাশোনা করে। এ ছাড়া বেন অ্যাফ্লেক, জেনিফার গারনার, ক্রিশ্চিয়ান বেলের মতো তারকার প্রোফাইলও দেখভাল করে সংস্থাটি। এর আগে বলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে হলিউড সিনেমায় দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যে সেখানে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ও রিয়েলিটি শোতে হয়ে উঠেছেন নিয়মিত মুখ। দীপিকা পাড়ুকোনও হলিউডে আলো কেড়েছেন। আলিয়া ভক্তরা বিশ্বাস করেন, তাদের প্রিয় অভিনেত্রীও সেখানে জনপ্রিয় হয়ে উঠবেন।
এখন একাধিক সিনেমার কাজ রয়েছে আলিয়ার হাতে। এর মধ্যে উল্লেখযোগ্য সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’, আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’। এ ছাড়া করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ডার্লিংস’ নামের সিনেমায় অভিনয়ের ঘোষণাও দেন আলিয়া।
