ব্যাংকের সিএসআর টাকা বিতরণ হবে সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০১:২৬ এএম

করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) টাকা খরচ করছে। ব্যাংকগুলো এখন থেকে এই টাকা সেনাকল্যাণ সংস্থার মাধ্যমেও বিতরণ করতে পারবে। পাশাপাশি জেলা প্রশাসক, বেসরকারি সংস্থা (এনজিও), ক্ষুদ্রঋণ সংস্থা (এমএফআই) ও ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় এই টাকা খরচ অব্যাহত রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। কভিড-১৯-এর কারণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সেনাকল্যাণ সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করছে। বর্তমানে কঠোর বিধিনিষেধের কারণে জরুরি সেবার বাইরে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। তাই এ সময়ে ব্যাংকের বিশেষ সিএসআর তহবিল সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে বিতরণ করা হলে তা দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জেলা প্রশাসক, বেসরকারি সংস্থা, ক্ষুদ্রঋণ সংস্থা ও ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় সিএসআর কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেনাকল্যাণ সংস্থার মাধ্যমেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যানের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা  যেতে পারে। সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার  ক্ষেত্রে আলাদা হিসাব সংরক্ষণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত