নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড

মর্গের ৪৮ লাশ শনাক্তে ৬৬ স্বজনের নমুনা সংগ্রহ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৪:১৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের ৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রোমানা আক্তার এ তথ্য জানিয়েছেন।

রোমানা আক্তার বলেন, গত শুক্র, শনি ও রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুথ বসিয়ে ৪৫ মরদেহের বিপরীতে ৬৩ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল বাকি ৩ মরদেহ শনাক্তের জন্য মালিবাগে সিআইডির ল্যাবে আরও তিন স্বজনের নমুনা নেওয়া হয়।

রোমানা আক্তার বলেন, নোয়াখালীর আয়াত হোসেন, রাশেদ ও তারেক জিয়ার মরদেহ শনাক্ত করতে তাদের স্বজনদের কাছ থেকে গতকাল নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে নমুনা সংগ্রহের জন্য এখন আর বুথ নেই জানিয়ে তিনি বলেন, যদি আর কোনো স্বজন আসেন, তাহলে ০১৬৭৩০১৬৯৭৩ ও ০১৭২৮২৫৬৬২৩ নম্বরে যোগাযোগ করলেই হবে।

রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের ওই কারখানায় গত বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডে রাতেই তিনজনের মৃত্যুর কথা জানায় স্থানীয় প্রশাসন। ছয়তলা ওই ভবন থেকে শুক্রবার দুপুরের পর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৮টি পোড়া মরদেহ ব্যাগে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। পরে ডিএনএ পরীক্ষা করে মরদেহ শনাক্তের কাজ শুরু করে সিআইডি। এভাবে লাশ শনাক্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দিতে অন্তত তিন সপ্তাহ লাগতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গত শনিবার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। সেই মামলায় হাসেম ফুডের মালিক মো. আবুল হাসেম ও তার চার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত