হাইতির প্রেসিডেন্ট হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৪:১৫ এএম

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির পুলিশ। মইসকে ক্ষমতাচ্যুত করতেই ওই ব্যক্তি ভাড়াটে যোদ্ধাদের হাইতিতে নিয়ে আসেন বলেও জানিয়েছে পুলিশ।

এক সংবাদ সম্মেলনে হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, গ্রেপ্তার ক্রিস্টিয়ান ইমানুয়েল সানোন (৬৩) জুনের প্রথম দিকে একটি ব্যক্তিগত বিমানে ওই ভাড়াটে নিরাপত্তা রক্ষীদের নিয়ে হাইতিতে আসেন এবং তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চেয়েছিলেন। সানোনের উদ্দেশ্যের ব্যাখ্যা না দিয়ে সেগুলো রাজনৈতিক বলে উল্লেখ করেন তিনি। জানান, হেফাজতে থাকাদের মধ্যে একজন গ্রেপ্তার হওয়ার পর সানোনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর সানোন হত্যার বিষয়ে অন্য দুই ‘বুদ্ধিজীবীর’ সঙ্গে যোগাযোগ করেছিলেন। চার্লস বলেন, ‘প্রথমে হামলাকারীদের লক্ষ্য ছিল ইমানুয়েল সানোনের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু পরে লক্ষ্য পরিবর্তিত হয়ে যায় এবং তারা প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানাসহ এক হামলাকারীকে পাঠায়।’

গত বুধবার ভোররাতে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে নিজ বাড়িতে মইসকে গুলি করে হত্যা করা হয়। ২৬ কলম্বিয়ান ও দুই হাইতিয়ান যুক্তরাষ্ট্রের নাগরিকের একটি হত্যাকারী ইউনিট এ ঘটনা ঘটিয়েছে বলে হাইতির কর্র্তৃপক্ষগুলো জানিয়েছে।

অনলাইনে থাকা যুক্তরাষ্ট্রের সরকারি রেকর্ড সানোন নামের এক ব্যক্তিকে ফ্লোরিডায় চিকিৎসক হিসেবে কর্মরত দেখিয়েছে, তবে হাইতিতে গ্রেপ্তার সানোন আর তিনি একই ব্যক্তি কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। সানোন কেন মইসকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন তাও পরিষ্কার হয়নি। তবে হাইতি পুলিশ মনে করে, সানোনের পেছনেও আরও কেউ আছেন যিনি কলকাঠি নাড়ছেন।

দুই হাইতিয়ান যুক্তরাষ্ট্রের নাগরিক জেমস সোলাগেস ও জোসেফ ভিনসেন্ট তদন্তকারীদের জানিয়েছেনÑ তারা কলম্বিয়ার কমান্ডো ইউনিটটির কমান্ডোদের জন্য দোভাষীর কাজ করছিলেন আর ওই কমান্ডোদের কাছে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কিন্তু তারা যখন যান তখন প্রেসিডেন্টকে মৃত অবস্থায় পান তারা। তারা নিরাপত্তারক্ষী হিসেবে হাইতিতে গিয়েছেন এবং তাদের মইসকেও নিরাপত্তা দেওয়ার কথা ছিল বলে কলম্বিয়ানদের কয়েকজন এমন দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত