গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. কাঞ্চন মিয়ার বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে কাঞ্চনের ব্যক্তিগত চেম্বার, ঘর ও আসবাব পুড়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, গাইবান্ধা পৌরসভার পূর্বপাড়ায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন নেভাতে বাধা দেন। পরে পুলিশের সহায়তায় আগুন নেভানো হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ফুলছড়ির ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যার ঘটনায় আসামি কাঞ্চনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বাধা দিলে এলাকাবাসীকে শান্ত করে আগুন নেভানো হয়। রকি হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
