মতবিনিময় সভায় জিএম কাদের

টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৩:১৩ এএম

টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘বিশ্বের সব দেশ যখন করোনা টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, তখনো আমাদের করোনা টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি। মাস্ক পরে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবিলা করা সম্ভব হবে না।’

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর বিভিন্ন থানা কমিটির নেতাদের সঙ্গে পল্লীবন্ধুর মৃত্যুবাষির্কী উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই অবস্থা আরও খারাপ হতে পারে। সময় মতো মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ হওয়ায় করোনা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যার জন্য কখনোই এদেশে লকডাউন সফল হবে না। কারণ, দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই। তাই খাদ্য সহায়তা না দিলে ক্ষুধার্ত মানুষ ঘরের বাইরে বের হবেই।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমরা লকডাউনের আগে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে বলেছি। সদিচ্ছার অভাবে সরকার হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত