ঈদের আগে ‘কঠোর বিধিনিষেধ’ কিংবা ‘লকডাউন’ আট দিন শিথিল হওয়ায় ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন দিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ট্রেন যাত্রা। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শরিফুল আলম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা (গতকাল) থেকে শুধু অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।’
কোরবানির ঈদ সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সময়ে ১৫ থেকে ২২ জুলাই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে সোমবার রাতেই জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে গত ২২ জুন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ১ জুলাই থেকে শুরু হওয়া সর্বাত্মক ‘লকডাউনের’ মেয়াদ শেষ হবে ১৪ জুলাই (আজ) মধ্যরাতে। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।
