সিমেন্ট বিক্রিতে উল্লম্ফন লাফার্জহোলসিমের

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০১:২৮ এএম

মহামারী করোনার মধ্যেও সিমেন্ট বিক্রিতে বড় অংকের প্রবৃদ্ধি হয়েছে বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। সিমেন্টের বাজারে নতুন পণ্য ও অ্যাগ্রিগেট ব্যবসার সংযোজন কোম্পানিটির বিক্রি থেকে আয় বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে। ফলে চলতি ২০২১ সালের প্রথম প্রান্তিকের ধারাবাহিকতায় দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) আকর্ষণীয় মুনাফা করেছে কোম্পানিটি। চলতি দ্বিতীয় প্রান্তিকে লাফার্জহোলসিমের নিট মুনাফা হয়েছে ১১১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪৮ শতাংশ বেশি।

সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’ নামে পানি প্রতিরোধী বিশেষ সিমেন্ট বাজারে এনেছে। চলতি বছর থেকে কোম্পানিটি অ্যাগ্রিগেট ব্যবসাও করছে। নতুন দুই পণ্য সংযোজনের পাশাপাশি দেশে সিমেন্টের চাহিদা বাড়ায় চলতি দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির পণ্য বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ৭৯ শতাংশ। এ সময় পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ৪৭৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬৪ কোটি টাকা। চলতি দ্বিতীয় প্রান্তিকে মোট মুনাফা হয়েছে ১৬০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭৯ শতাংশ বেশি। এ সময় কর পরিশোধের পর নিট মুনাফা হয় ১১১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪৮ শতাংশ বেশি।

লাফার্জহোলসিম জানিয়েছে, কোম্পানি অত্যন্ত সফলতার সধ্যে বর্ধিত ইনপুট ব্যয়, ফলপ্রসূ দাম নির্ধারণের মাধ্যমে সমন্বয় করতে সফল হয়েছে। এছাড়া দারুণ এই ফলাফল অর্জনে ডিজিটাল উদ্যোগ, পণ্য সরবরাহের নতুন নতুন চ্যানেল বাস্তবায়ন, সুপারক্রিট সিমেন্টের নতুন মোড়ক উন্মোচন এবং ব্যয় সংকোচন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

চলতি বছর লাফার্জহোলসিমের বিক্রি বাড়ার পাশাপাশি উৎপাদন ব্যয়ও কমেছে, যা নিট মুনাফা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। চলতি অর্ধবার্ষিকীতে কোম্পানির পণ্য উৎপাদনে যে ব্যয় হয়েছে তা মোট বিক্রির ৬৮ দশমিক ৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৭ দশমিক ৮ শতাংশ। চলতি অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন) কোম্পানির পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ১ হাজার ১০৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। কোম্পানির পণ্য বিক্রির মধ্যে ৭২ কোটি টাকা এসেছে অ্যাগ্রিগেট ব্যবসা থেকে। 

চলতি অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে প্রশাসনিক, বিক্রি ও মার্কেটিং ব্যয় শেষে লাফার্জহোলসিমের পরিচালন মুনাফা হয়েছে ২৫৪ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৩ কোটি ১৭ লাখ টাকা। চলতি বছর কোম্পানিটির সুদবাবদ ব্যয়ও কমেছে। কর পরিশোধের পর চলতি অর্ধবার্ষিকীতে নিট মুনাফা হয়েছে ২১৫ কোটি ২১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫৫ শতাংশ বেশি।  

আর্থিক প্রতিবেদন সম্পর্কে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানার বলেন, “উদ্ভাবন ও টেকসই হওয়ার যাত্রা আমরা ধরে রেখেছি। আমাদের ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ‘জিওসাইকেল’ এবং নতুন অ্যাগ্রিগেটস ব্যবসা আশানুরূপ গতি বজায় রেখেছে। আমাদের কর্মীদের অদম্য ইচ্ছাশক্তি ও চেতনা এই ফলাফল অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত