যুক্তরাজ্যের উন্নয়নমূলক অর্থনৈতিক সংস্থা এবং বিনিয়োগ প্রতিষ্ঠান সিডিসি গ্রুপ সিটি ব্যাংককে ৩ কোটি ডলার বাণিজ্য অর্থায়ন সুবিধা দিয়েছে। এই ঋণ সুবিধা সিটি ব্যাংকের তারল্য প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করবে, যা ধারাবাহিকভাবে আমদানি ও রপ্তানি কার্যক্রমকে জোরদার করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আশা করছে সিটি ব্যাংকের কর্মকর্তারা।
গতকাল বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানায়, সিডিসির এই বিনিয়োগ তাদের ঋণগ্রহীতাদের আমদানি ও রপ্তানির ব্যবসায় গতি আনবে এবং প্রতি বছর অতিরিক্ত ১০ কোটি ডলারের বৈদেশিক বাণিজ্য সুবিধা পাওয়া যাবে। সেইসঙ্গে এই ঋণ সুবিধা সিটি ব্যাংক বাংলাদেশের ১ কোটি ৭০ লাখ সাধারণ গ্রাহক, মাইক্রো এবং এসএমই উদ্যোক্তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে ব্যাংকের অবস্থানকে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা ক্ষেত্রসমূহ যেমন তৈরি পোশাক, ম্যানুফ্যাকচারিং এবং খাদ্য প্রক্রিয়াজাত ও উৎপাদন শিল্পের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় ব্যাংকসমূহ প্রায়ই স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ সংকটের সম্মুখীন হয়। কভিড-১৯ মহামারী সাম্প্রতিক সময়ে সহজ শর্তে বিদেশি মুদ্রার তহবিলপ্রাপ্তিকে আরও কঠিন করে তুলেছে। সিডিসির এ ঋণ সুবিধার প্রধান লক্ষ্য হচ্ছে একটি স্থিতিশীল উৎস থেকে বাণিজ্য ঋণ সরবরাহের মাধ্যমে বর্তমানের এই অসুবিধাকে কমিয়ে আনা।
সিডিসি গ্রুপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেহান রশিদ বলেন, ‘আমরা আনন্দিত যে এই বাণিজ্য অর্থায়ন ঋণ বাংলাদেশের ব্যাংকিং খাত এবং স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের ভ্যালু চেইনে প্রভাব রাখার ব্যাপারে আমাদের সক্ষমতা বাড়িয়ে দেবে।’
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘সিডিসির এই ঋণ ইউপিএএস এলসিসমূহের মাধ্যমে বাণিজ্য অর্থায়নে সহায়তা করবে। এটি প্রকারান্তরে দেশের করপোরেট এবং এসএমইগুলোকে কার্যকর পরিচালন মূলধনের জন্য এই মহামারীকালে প্রতিযোগিতামূলক সুদের হার প্রাপ্তিতে সহায়তা করবে।’
