এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে দুই কোম্পানি

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০১:৩১ এএম

স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহ করার অনুমোদন পেয়েছে ওরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড। গতকাল এ দুই কোম্পানিকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এখন পর্যন্ত মোট চার কোম্পানিকে এসএমই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে কমিশন।

এসইসি জানিয়েছে, ওরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কিউআইওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯ পয়সা।

এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া অপর কোম্পানি মাস্টার ফিড অ্যাগ্রোটেক কিউআইওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত