রাজশাহীতে টিসিবির পণ্য কালোবাজারিতে

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:৩৬ এএম

খোলাবাজারে বিক্রির জন্য টিসিবির বিপুল পরিমাণ তেল, চিনি ও ডাল কালোবাজারে বিক্রির দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের একটি গুদাম থেকে ১ হাজার ২০২ লিটার তেল, ১৭৫ কেজি চিনি ও ৪০ কেজি মসুরের ডাল জব্দ করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন টিসিবির ডিলার ও দুজন দোকানমালিক। এরা হলেন টিসিবি  পণ্যের ডিলার নগরীর চ-ীপুর এলাকার রেজাউল করিম, সাগর ট্রেডার্সের মালিক হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকার সাগর শেখ ও সুমন ট্রেডার্সের মালিক নগরীর পাঁচানিমাঠ শেখেরচক বিহারীবাগান এলাকার জালাল হোসেন সুমন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার সন্ধ্যার পর রাজশাহী মহানগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার এলাকায় জালাল হোসেন সুমন এবং সাগর শেখের দোকান ও গোডাউনে অভিযান চালায়। এ সময় টিসিবির পণ্যসহ জালাল হোসেন সুমন ও সাগর শেখকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত  থেকে ১ হাজার ২০২ লিটার তীর সয়াবিন তেল, ১৭৫ কেজি চিনি ও ৪০ কেজি মসুরের ডাল উদ্ধার হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, তারা টিসিবির পণ্য সরকারি গোডাউন থেকে উত্তোলনের পর তা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ন্যায্যমূল্যে সাধারণ জনগণের মধ্যে বিক্রি না করে অধিক মুনাফার আশায় অবৈধভাবে গোডাউনে মজুদ করে এবং পরে তা কালোবাজারে বিক্রি করে।

পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যমতে টিসিবির পণ্য মজুদদার ও টিসিবি ডিলার রেজাউল করিমকে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে চ-ীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দ পুলিশ। রেজাউল করিমই এই চক্রের প্রধান বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত